চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুরের ৭ দিনের রিমান্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :আদালতের মালখানায় লুট পাটের মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মো. মোখলেসুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ মে) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা। ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জানা যায়, ৫ আগস্ট আদালতের মালখানায় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মঙ্গলবার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট আদালতের মালখানায় ভাঙচুর লুটপাটের মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































